জাতীয় সড়কের সংলগ্ন আশ্রমে আধুনিক ঘর ও বিশ্রামাগার নির্মাণের পরিকল্পনা।
জোলাইবাড়ী, ত্রিপুরা | ৩০ জুলাই ২০২৫ঃ আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হল জোলাইবাড়ী সৎসঙ্গ আশ্রমে মন্দির নির্মাণের কাজ। সাব্রুম-আগরতলা জাতীয় সড়কের একেবারে সংলগ্ন এই আশ্রমে ধারাবাহিকভাবে একাধিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হয়েছে।
আশ্রম সূত্রে জানা গেছে, শুধু মন্দির নয়, আশ্রমের ঘর ও বিশ্রামাগারেও আধুনিকীকরণের কাজ চালানো হবে। আশ্রমের সৎসঙ্গবাসীরা জানিয়েছেন, এই নির্মাণ ও সংস্কারকাজের মাধ্যমে ভক্ত ও দর্শনার্থীদের জন্য আরও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা যাবে।
এই সমগ্র উন্নয়নমূলক প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে আনুমানিক ২ কোটি ৫০ লক্ষ টাকা। ইতিমধ্যেই নির্মাণ সামগ্রী আনা শুরু হয়েছে এবং স্থানীয় কিছু শ্রমিককেও নিয়োগ করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় জনগণের মধ্যে আশার সঞ্চার হয়েছে যে, এই প্রকল্পের ফলে জোলাইবাড়ী আশ্রম আরও ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।








