জনগণের উপর চাপ নয়, অধিকার রক্ষা করাই সরকারের দায়িত্ব” — সিপিআই(এম)-এর হুঁশিয়ারি।
খোয়াই, ত্রিপুরা । ১৯ জুলাই । রিপোর্ট; কালীদাস ভৌমিকঃ স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত এবং বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে শনিবার খোয়াই শহরে বামপন্থী দল সিপিআই (এম)-এর ডাকে এক বিশাল মিছিল, জমায়েত ও বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিপিআই(এম)-এর খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচি দিনভর শহরজুড়ে বাম মনোভাবাপন্ন মানুষের সক্রিয় অংশগ্রহণের সাক্ষী হয়।
দিনের শুরুতেই, খোয়াই শহরের সুভাষপার্কে পার্টি অফিস চত্বরে একটি জমায়েত অনুষ্ঠিত হয়। সেখানে পার্টির প্রবীণ নেতা সুখেন্দু বিকাশ দে-র সভাপতিত্বে বক্তব্য রাখেন খোয়াই জেলা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা, মহকুমা সম্পাদক নির্মল বিশ্বাস, সিপিআই(এম)-এর রাজ্য কমিটির সদস্য পলাশ ভৌমিক এবং মহকুমা সম্পাদকমণ্ডলীর সদস্য মনোজ দাস।
বক্তব্যে নেতারা স্পষ্ট ভাষায় অভিযোগ করেন,
“সরকার একদিকে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বাড়াচ্ছে, অন্যদিকে স্মার্ট মিটার বসিয়ে মানুষকে আরও বেশি আর্থিক চাপে ফেলছে। এটা সরাসরি জনবিরোধী পদক্ষেপ। আমরা চাই এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা হোক।”
জমায়েত শেষে, সুভাষপার্ক থেকে এক সুসংগঠিত মিছিল বের হয়। এই মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ ঘুরে নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করে। র্যালিটি নৃপেন চক্রবর্তী অ্যাভেনিউ, কোহিনূর শপিং কমপ্লেক্স, বিবেকানন্দ সরণী, হাসপাতাল রোড, নিবেদিতা পার্ক, রঞ্জন রায় সেতু, বনকর এলাকা, নতুন টাউন হল ও কবিগুরু পার্ক-এর মত প্রধান রাস্তা অতিক্রম করে।
শেষপর্যন্ত এই দীর্ঘ পদযাত্রা গিয়ে পৌঁছায় খোয়াই বিদ্যুৎ নিগমের সাব-ডিভিশন অফিসের সামনে, যেখানে আয়োজিত হয় এক শক্তিশালী বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি। বিক্ষোভে উপস্থিত নেতারা সাফ জানিয়ে দেন,
“আমরা শুধু প্রতিবাদে থেমে থাকব না। যদি দাবি মানা না হয়, তাহলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে নামবে বামফ্রন্ট।”
এই আন্দোলনের মাধ্যমে সিপিআই(এম) খোলাখুলি জনস্বার্থকে সামনে রেখে বিদ্যুৎ খাতে বেসরকারিকরণ ও অনিয়মের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে। আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ মানুষ এবং দলীয় সমর্থকেরা মনে করেন, এই প্রতিবাদ সরকারের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে বাধ্য করবে।
খোয়াইয়ে এই প্রতিবাদ কর্মসূচি আরও একবার প্রমাণ করল— জনগণের অধিকার রক্ষায় বামফ্রন্ট এখনও আপসহীন এবং সক্রিয়।








