৯ জুলাই ধর্মঘট ঘিরে প্রস্তুতি তুঙ্গে — তেলিয়ামুড়ায় বামপন্থীদের মিছিলে গর্জে উঠল ১৭ দফা দাবি।
তেলিয়ামুড়া, ত্রিপুরা | রিপোর্ট: মৃণময় রায়ঃ সর্বভারতীয় স্তরে ঘোষিত ১৭ দফা দাবির ভিত্তিতে আগামী ৯ জুলাই বামপন্থী সংগঠনসমূহের আহ্বানে দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সেই ধর্মঘট সফল করতে ইতিমধ্যেই ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ধারাবাহিক কর্মসূচি পালন করছে সিপিআইএম এবং তার বিভিন্ন গণসংগঠন।
এই প্রেক্ষিতেই আজ তেলিয়ামুড়ায় এক জোরদার মিছিল অনুষ্ঠিত হয় বামপন্থীদের উদ্যোগে। সিপিআইএম কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে আবার একই স্থানে এসে শেষ হয়। উল্লেখযোগ্য সংখ্যক কর্মী, সমর্থক ও নেতৃত্বদের সরব উপস্থিতিতে মিছিলটি হয়ে ওঠে বেশ দৃঢ় ও শৃঙ্খলাবদ্ধ।
মিছিলে অংশগ্রহণকারী বাম নেতৃত্বরা জানান, তাঁদের এই আন্দোলনের মূল দাবি হলো কেন্দ্রীয় সরকারের চাপিয়ে দেওয়া শ্রম কোড বাতিল, রেগার মজুরি বৃদ্ধি ও শ্রমদিবস বাড়ানোর পাশাপাশি অন্যান্য শ্রমজীবী ও সাধারণ মানুষের স্বার্থে আরও ১৭ দফা দাবি। তাঁরা আজকের কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে ৯ জুলাইয়ের ধর্মঘটে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আহ্বান জানান।
“শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মহিলা—সকলের স্বার্থে এই ধর্মঘটের প্রাসঙ্গিকতা অস্বীকার করার উপায় নেই। তেলিয়ামুড়া থেকে রাজ্যের প্রতিটি মানুষকে আমরা এই গণআন্দোলনে সামিল হওয়ার ডাক দিচ্ছি।”
এই কর্মসূচির মধ্য দিয়ে স্পষ্ট যে রাজ্যে ধর্মঘটকে ঘিরে বামপন্থীরা তৈরি করছে এক সুসংগঠিত জনমত।








