পোশাকের ভেতর গাঁজা লুকিয়ে পাচার! তেলিয়ামুড়া পুলিশে ধরা পড়ল তিন মহিলা পাচারকারী।
তেলিয়ামুড়া, ত্রিপুরা | রিপোর্ট: মৃণময় রায়ঃ প্রতিনিয়ত গাঁজা পাচারের ঘটনায় যুক্ত হচ্ছেন মহিলারাও — আর তারই এক জ্বলন্ত উদাহরণ ফের সামনে এল তেলিয়ামুড়ায়। মঙ্গলবার সকালে তেলিয়ামুড়া থানার পুলিশের তৎপরতায় হাতে নাতে আটক করা হয়েছে গাঁজা পাচারকালে তিন মহিলা পাচারকারীকে। অভিযুক্তরা সবাই বহিরাজ্যের বাসিন্দা বলে জানা গেছে।
তেলিয়ামুড়া থানার মহিলা সাব-ইন্সপেক্টর সুমিত্রা দেববর্মা জানান, থানার সামনে নিয়মিত ভেহিকেল চেকিং চলছিল। সে সময় আগরতলা থেকে আমবাসাগামী একটি ম্যাক্স গাড়িকে থামিয়ে তল্লাশি চালানো হয়। গাড়িতে থাকা তিনজন মহিলা যাত্রীকে সন্দেহ হলে, তাঁদের থানায় এনে যথাযথ আইন অনুসারে দেহ তল্লাশি করা হয়।
সেই তল্লাশির ফলেই বেরিয়ে আসে চমকে দেওয়ার মতো তথ্য— তিন মহিলার পোশাকের ভেতর লুকিয়ে রাখা ছিল ১৫ কেজিরও বেশি শুকনো গাঁজা, যার আনুমানিক বাজারমূল্য এক লক্ষাধিক টাকা।
এই ঘটনায় তেলিয়ামুড়া থানায় NDPS অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই পাচারচক্রের সঙ্গে আর কে বা কারা যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে জোরকদমে।
? বিশেষ দৃষ্টি আকর্ষণ:
মহিলাদের ব্যবহার করে মাদক পাচারের প্রবণতা ক্রমেই বাড়ছে, যা সমাজের জন্য এক গভীর উদ্বেগের বিষয়। পুলিশের এই ধরনের তৎপরতা আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।








