ত্রিপুরা বিজেপি নেতৃত্ব নির্বাচনে প্রস্তুতি সম্পন্ন, প্রকাশিত হল পূর্ণ নির্বাচনী সূচি।
আগরতলা, ২৭ জুন ২০২৫: ভারতীয় জনতা পার্টির সংবিধান এবং কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষ কর্তৃক জারি করা নির্বাচনী নির্দেশিকা অনুসরণ করে ত্রিপুরা প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ, ২৭শে জুন, বৃহস্পতিবার রাজ্য বিজেপির তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে সম্পূর্ণ নির্বাচনী সময়সূচী ঘোষণা করা হয়েছে।
প্রকাশিত সময়সূচী অনুযায়ী, আজই রাজ্য নির্বাচনী কলেজের তালিকা প্রকাশ করা হয়েছে। মনোনয়নপত্র জমার শেষ সময় নির্ধারিত হয়েছে আগামী ২৮শে জুন, রাত ১২টা পর্যন্ত। মনোনয়ন যাচাই-বাছাই করা হবে ২৮শে জুন দুপুর ২টায়, এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় দুপুর ২:৩০টা।
চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষিত হবে ওইদিনই ২৮শে জুন বিকেল ৩টায়।
যদি একাধিক বৈধ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন, তাহলে ২৯শে জুন দুপুর ১টায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, এবং ভোট গণনার পর বিকেল ৩টায় ফলাফল ঘোষণা করা হবে।
দলের এক মুখপাত্র জানান, “পুরো নির্বাচনী প্রক্রিয়া হবে স্বচ্ছ, অবাধ এবং দলীয় গঠনতন্ত্র মেনেই। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষের সার্বিক তত্ত্বাবধানে এই নির্বাচন পরিচালিত হবে।”
এ নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই দলের অভ্যন্তরে আলোচনার ঝড় উঠেছে। কে হবেন ত্রিপুরা বিজেপির আগামী রাজ্য সভাপতি, তা জানার জন্য এখন চোখ ২৯ জুনের দিকে।








