তিনদিনব্যাপী যোগ দিবস উদযাপনের সূচনা তেলিয়ামুড়ায়, প্রথম দিনে স্বচ্ছ ভারত অভিযানে অংশ নিলেন জনপ্রতিনিধিরা।
তেলিয়ামুড়া, ২০ জুন, মৃণ্মময় রায়ঃ আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে তেলিয়ামুড়া আর.ডি. ব্লক ও পুর পরিষদের সক্রিয় সহযোগিতায় শুরু হয়েছে তিনদিনব্যাপী নানা কর্মসূচি। এই কর্মসূচির অংশ হিসেবে আজ সকালেই তেলিয়ামুড়া বাজার এলাকায় অনুষ্ঠিত হয় “স্বচ্ছ ভারত অভিযান”—যেখানে স্বেচ্ছাসেবক ও আধিকারিকদের অংশগ্রহণে শহরের বিভিন্ন এলাকা পরিচ্ছন্ন করার কাজ হাতে নেওয়া হয়। এই বিশেষ কর্মসূচির উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান শ্রী রূপক সরকার, ভাইস চেয়ারম্যান শ্রী মধুসূদন রায়, স্থানীয় জনপ্রতিনিধি, পুরসভার কর্মকর্তা, যুব সংগঠনের সদস্যবৃন্দ এবং সাধারণ মানুষ। সকলে একযোগে ঝাঁটা হাতে বাজার ও সংলগ্ন এলাকাগুলিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে অংশগ্রহণ করেন।চেয়ারম্যান রূপক সরকার জানান,

“এই ধরণের অভিযানের মাধ্যমে যুব সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। পরিবেশ রক্ষায় ও সমাজ সচেতনতা গড়ে তুলতে এই ধরনের উদ্যোগের গুরুত্ব অপরিসীম।” তিনি আরও বলেন, “স্বচ্ছ ভারত অভিযান কেবল একটি সাফাই অভিযান নয়, এটি এক সামাজিক আন্দোলন, যেখানে প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ আবশ্যক। আমাদের শহর তেলিয়ামুড়াকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সকলের একসাথে কাজ করা প্রয়োজন।তিনদিনব্যাপী এই কর্মসূচির আওতায় থাকছে—পরিবেশ সংরক্ষণ বিষয়ক র্যালি, যুবদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা, এবং খেলাধুলার বিভিন্ন প্রতিযোগিতা। ২১শে জুন, আন্তর্জাতিক যোগ দিবসের মূল দিনটিতে থাকছে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও যোগ সম্মেলন, যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত তরুণ-তরুণীরা অংশগ্রহণ করবেন।তেলিয়ামুড়া শহরের এই যৌথ উদ্যোগ ইতিমধ্যেই শহরবাসীর প্রশংসা কুড়িয়েছে এবং অনেকেই এই কর্মসূচিকে সমর্থন জানিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। এই ধরণের সামাজিক উদ্যোগ আগামী দিনে যুবসমাজের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে বলেই আশাবাদী আয়োজকরা।








