তেলিয়ামুড়ায় ব্রাউন সুগার উদ্ধার, অভিযানে পুলিশের সাফল্য—অভিযুক্ত পলাতক
তেলিয়ামুড়া, ১৪ জুন ২০২৫ঃ গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া মহুকুমা পুলিশের একটি বিশেষ অভিযানে শুক্রবার রাতে জারুইলং বাড়ি এলাকায় এক চাঞ্চল্যকর মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে বিপুল পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ বাহিনী। অভিযানের নেতৃত্বে ছিলেন মহুকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন।
ঘটনার সূত্রপাত বহুদিন ধরে এলাকাবাসীর অভিযোগ থেকে। অভিযোগ ছিল, কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জারুইলং বাড়ি এলাকার বাসিন্দা লক্ষী নাথ ভৌমিক, যিনি এক সন্তানের জননী এবং স্বামী মৃত অমরেশ ভৌমিকের বাড়িতে অবৈধভাবে নেশা জাতীয় দ্রব্য মজুদ ও বিক্রি করে আসছেন। এই কারণে এলাকার সামাজিক পরিবেশ বিঘ্নিত হচ্ছিল, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে এতদিন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে পারেনি পুলিশ প্রশাসন।
অবশেষে শুক্রবার রাত প্রায় ৯টা নাগাদ তেলিয়ামুড়া মহুকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেনের নেতৃত্বে, তেলিয়ামুড়া থানার বিশাল পুলিশ বাহিনী নিয়ে লক্ষী ভৌমিকের বাড়িতে অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন আগেই পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

তবে, অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ, যার বাজার মূল্য আনুমানিক ১ থেকে দেড় লক্ষ টাকার মধ্যে হতে পারে বলে জানিয়েছেন এসডিপিও পান্নালাল সেন।
এই অভিযানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া থানার ডিসিএম হরিপদ সরকার এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা। পুরো ঘটনাটি তদন্তাধীন এবং অভিযুক্তদের ধরতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।








