আগরতলা, ২০ আগস্ট ২০২৪ঃ বাংলাদেশে সংখ্যালঘুদের উপর বাড়িঘরে হামলা, লুণ্ঠন এবং আক্রমণের প্রতিবাদে, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মাইনরিটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে আজ আগরতলার রাজপথে একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়। সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতার উদ্বেগ দেখা দিয়েছে।
মাইনরিটি ডিপার্টমেন্টের নেতৃত্বে রাজপথে অনুষ্ঠিত এই মিছিল থেকে দাবি জানানো হয় সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার রক্ষা, ধর্মীয় উপাসনাগুলির নিরাপত্তা প্রদান এবং বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চলমান হামলার সুষ্ট তদন্ত। “আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি !
সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ করতে হবে!” মিছিলের নেতৃত্বে ছিলেন মাইনরিটি ডিপার্টমেন্টের নেতারা, যারা বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং আন্তর্জাতিক স্তরে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে এই মিছিলকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা সংখ্যালঘুদের অধিকার রক্ষার সংগ্রামে নতুন মাত্রা যোগ করবে।








