ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সদস্য ও খোয়াই জেলা কমিটির সভাপতি স্যন্দন পত্রিকার সাংবাদিক সজল দেবকে সোমবার দুপুর নাগাদ কল্যাণপুরের গোপালনগর এলাকায় পুলিশের একটি ওয়ানটোনার গাড়ি পরিকল্পিতভাবে পিষে মারার চেষ্টা করে। গোপালনগর এলাকার একটি বাড়িতে থানার গাড়ির সরকারি তেল চুরি করে বিক্রি করার চেষ্টা করছিল গাড়ি চালক এস পি ও জওয়ান মনোরঞ্জন দেবনাথ এবং সহযোগী তেলিয়ামুড়া থানার ওসির গাড়িচালক হরিবল সরকার। খবর পেয়ে সাংবাদিক সজল দেব সহ আরো কয়েকজন সহকর্মী সেখানে ছুটে গিয়ে ঘটনা সম্পর্কে খোঁজখবর নেওয়ার চেষ্টা করলে তেলিয়ামুড়া থানার গাড়ি চালক মনোরঞ্জন দেবনাথ জেহাদের বশে গাড়ির চাকায় পিষে মারার চেষ্টা করে সাংবাদিক সজল দেবকে। সহকর্মী সাংবাদিক ও স্থানীয় মানুষজনের চেষ্টায় সাংবাদিক সজল দেব অল্পেতে প্রাণে বেঁচে যান। স্থানীয় মানুষজন তৎক্ষণাৎ গাড়ি সহ চালকদের আটক করেন। খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশ ছুটে এসে অভিযুক্ত দুই গাড়ির চালককে পুলিশের হেফাজতে থানায় নিয়ে যায়। এব্যাপারে সাংবাদিক সজল দেব কল্যানপুর থানায় অভিযুক্তদের নামধাম উল্লেখ করে বিস্তারিত তথ্য দিয়ে মামলা দায়ের করেন। চুরি করে বিক্রি করা সরকারি তেলও পুলিশ সেখান থেকে উদ্ধার করে। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন রাজ্য কমিটি ও খোয়াই জেলা কমিটি ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।








