মঙ্গলবার বিজেপি দল চন্ডিপুর ও গৌরনগর ব্লকে ত্রিস্তর পঞ্চায়েত ভোটে মনোনয়নপত্র দাখিল করার পর আজ ইন্ডিয়া জোট মনোনয়নপত্র দাখিল করেছে। মঙ্গলবার চন্ডিপুর বিধানসভার অন্তর্গত শ্রীরামপুর এলাকায় অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ের সামনে দলীয় কর্মী সমর্থকরা একত্রিত হয়ে চলে যান চন্ডিপুর ব্লকে। সেখানে গিয়ে চন্ডিপুর ব্লকের বিডিওর নিকট মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দলীয় কার্যকর্তাদের সাথে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্য নেতৃত্বরা। অন্যদিকে গৌরনগর ব্লকের অন্তর্গত পঞ্চায়েত গুলিতে মনোনয়নপত্র দাখিল করতে বিজেপি দলের কর্মী সমর্থকরা পাইতুর বাজার স্থিত জেলা কার্যালয়ের সামনে একত্রিত হন। সেখান থেকে দলীয় কর্মী সমর্থকরা মনোনয়নপত্র দাখিল করতে চলে যান গৌরনগর আর ডি ব্লকে। সেখানে দলীয় কর্মী সমর্থকদের সাথে মনোনয়নপত্র দাখিল করতে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, কৈলাসহর মন্ডল সভাপতি সিদ্বার্থ দত্ত, বিজেপি ঊনকোটি জেলা সাধারণ সম্পাদক অরুন সাহা, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী সহ অন্যান্যরা। যে সমস্ত পঞ্চায়েত কিংবা জেলা পরিষদের আসনে বিজেপি দল প্রার্থী দেয়নি আজ সেই সব আসনে বিজেপি দল তাদের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করেছে। তারমধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে জেলা পরিষদের পাঁচ নম্বর আসন। এই আসনে বিজেপি দলের হয়ে মনোনয়নপত্র আজ জমা দেন বর্তমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস।
আজ জমজমাট আয়োজনের মধ্য দিয়ে হাতি নিয়ে মনোনয়ন প্রদান করতে যায় ইন্ডিয়া জোট। জানা গেছে আজ ইন্ডিয়া জোটের ২০৪ জন পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন গৌরনগর ব্লকের বিডিওর নিকট। তাছাড়া পঞ্চায়েত সমিতির ১৩ টি আসনে আজ মনোনয়নপত্র দাখিল করেছে ইন্ডিয়া জোট। এদিকে গৌরনগর ব্লকের অন্তর্গত জেলা পরিষদের চারটি আসন ও চন্ডিপুর ব্লকের অন্তর্গত জেলা পরিষদের তিনটি আসনে আজ মনোনয়নপত্র দাখিল করেছে ইন্ডিয়া জোট। চন্ডিপুর ব্লকের পঞ্চায়েত সমিতির ছয়টি আসনে দুদিন পূর্বে ইন্ডিয়া জোটের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করে নেয়। আজ চন্ডিপুর ব্লকের এগারোটি পঞ্চায়েত সমিতির আসনের মধ্যে বাকি পাঁচটি আসনে মনোনয়নপত্র দাখিল করেছে ইন্ডিয়া জোট। এই বছরও জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি নির্বাচনে দুটি আসনে প্রার্থী হয়েছেন জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান। জানা গেছে জেলা পরিষদের দুই নম্বর আসন ও গৌরনগর পঞ্চায়েত সমিতির তিন নম্বর আসনে তিনি ইন্ডিয়া জোটের হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। পূর্বেও তিনি এই দুটি আসন থেকে জয়ী হয়েছিলেন। জেলা কংগ্রেস সভাপতি জানান তিনি প্রশাসনের কাছে আবেদন রাখেন যে প্রশাসন যেন ভোটারদের নিরাপত্তা প্রদান করে। কারণ ভোটাররা নিজেদের ভোট যাদের খুশি তাদের দেবেন। এটা তাদের গণতান্ত্রিক অধিকার। জেলা কংগ্রেস সভাপতি বলেন মঙ্গলবার রাতে ইরানি গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস দলের প্রার্থী ফকর উদ্দিনের বাড়িতে বিজেপির গুন্ডারা সশস্ত্র আক্রমণ করে। টাকে হুমকি দেওয়া হয় ভোটে দাড়ালে তার ঘর জ্বালিয়ে দেওয়া হবে এবং তাকে প্রানে মারা হবে। এই ঘটনা চলাকালীন ফকর উদ্দিনের বাড়িতে রইস আলি নামে এক কংগ্রেস কর্মী ছিল। বিজেপির গুন্ডাবাহিনীরা তাকেও মারধর করে। পরবর্তী সময় রাত এগারোটায় কংগ্রেস কর্মী ইয়াসিন আলীর ছেলের বাড়িতে আক্রমণ করা হয়। সেই বাড়িতে থাকা মহিলাদের মারধোর সহ তাদের শ্লীলতাহানি করা হয়। তাদের ঘর লুটপাট করা হয়। পরবর্তী সময়ে কংগ্রেস কর্মী রইস আলীর বাড়িতে আগুন দেওয়া হয়। পরবর্তী সময়ে এলাকাবাসীরা আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশকে জানালে পুলিশ গিয়ে ঘটনাস্থলে আসামীদের পেলেও গ্রেপ্তার না করে চলে আসে। বুধবার সকালে ইরানি থানায় আসামিদের নাম ধাম দিয়ে মামলা করা হয়েছে। জেলা কংগ্রেস সভাপতি বলেন এই সমস্ত ঘটনার আসামিদের পুলিশ যদি অতিসত্বর গ্রেপ্তার না করে তাহলে পরবর্তী সময়ে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে তার জন্য দায়ী থাকবে আরক্ষা দপ্তর। তিনি বলেন আমাদের উপর আক্রমণ হলে আমরা গণতান্ত্রিকভাবে তার মোকাবিলা করার জন্য প্রস্তুত। তিনি ইরানি থানা ও কৈলাসহর থানার উদ্দেশ্যে বলেন পুলিশ যেন পঞ্চায়েত নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রাখে। তবে তিনি বলেন নিরীহ ভোটারদের উপর আক্রমণ করা হলে তা কোনভাবেই মেনে নেওয়া হবে না। আজ ইন্ডিয়া জোটের পক্ষে মনোনয়নপত্র দাখিল করতে গৌরনগর ব্লকে দলীয় প্রার্থীদের সমর্থনে উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা ও জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান প্রমুখ। অপরদিকে দলীয় প্রার্থীদের সমর্থনে চন্ডিপুর ব্লকে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী ও সিপিআইএম মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বামী প্রমুখ।








