বিকাশ বিরোধী গুজবের পরোয়া না করে, কৃষকদের পাশে সরকার — জোলাইবাড়ি-কলসিমুখে একাধিক কর্মসূচি।
জোলাইবাড়ি, ত্রিপুরা । ০২ জুলাই । রিপোর্ট-বাহাদুর ত্রিপুরাঃ ২০১৯ সালে যখন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) প্রকল্প চালু হয়, তখন বহু বিকাশবিরোধী রাজনৈতিক দল যেমন সমাজবাদী পার্টি ও কংগ্রেস এই প্রকল্পকে ঘিরে নানা রকম গুজব ছড়াতে থাকে। তারা সাধারণ কৃষকদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে এই গুরুত্বপূর্ণ উদ্যোগের সাফল্যকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালায়। তবে, সময় প্রমাণ করেছে— এই সব গুজব ভিত্তিহীন এবং প্রকল্পটি ভারতের কৃষক সমাজের জন্য এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছে।
আজকের দিনে, এই প্রকল্পের অধীনে প্রায় ৪ লক্ষ কোটি টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এতে কৃষকদের আর্থিক নিরাপত্তা যেমন বেড়েছে, তেমনি কৃষিকাজেও এসেছে গতি ও স্থিতি।
এই ঐতিহাসিক অর্জন উপলক্ষে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে কৃষকদের উদ্দেশ্যে ভাষণ দেন এবং নতুন কিস্তির টাকা পাঠানোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই প্রেক্ষাপটে ত্রিপুরার জোলাইবাড়ি মুক্তমঞ্চ কমিউনিটি হলঘরে অনুষ্ঠিত হয় এক বিশেষ সভা, যেখানে কৃষকদের উপস্থিতিতে তুলে ধরা হয় প্রকল্পের সফলতা, ভবিষ্যৎ দিশা এবং সরকারের অঙ্গীকার।
এই অনুষ্ঠানের পাশাপাশি পালিত হয় ‘গরীব কল্যাণ সেবা ও সুশাসনের ১১ বছরের সংকল্প সিদ্ধি’ উৎসব। এই কর্মসূচির অংশ হিসাবে কলসিমুখ এডিসি ভিলেজের সাক্যমুণি মেডিটেশন বৌদ্ধবিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক বৃক্ষরোপণ কর্মসূচি, যা পরিবেশ রক্ষার বার্তাও বহন করে।
এই অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন কিষান মোর্চার প্রদেশ সভাপতি প্রদীপ বরণ রায়, বিজেপির দক্ষিণ জেলা সভাপতি দীপায়ন চৌধুরী, ত্রিপুরা প্রদেশ স্বাস্থ্য ও শিক্ষা স্থায়ী কমিটির সদস্য শম্ভু মানিক মহাশয়, মন্ডল সভাপতি সুজিত দত্ত, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, কিষান মোর্চার সভাপতি জয়দেব দত্ত, ব্লক এডভাইজারি কমিটি চেয়ারম্যান অশোক কুমার মগ, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী, ও অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।
এইসব আয়োজনে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে— প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প শুধু একটি আর্থিক সহায়তা নয়, এটি দেশের কৃষকদের উন্নয়নের প্রতি সরকারের দৃঢ় প্রতিশ্রুতির প্রতীক। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে দল ও সরকারের পক্ষ থেকে সকল স্তরে কাজ চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করা হয়েছে।








