কৈলাসহর থেকে ঊনকোটি পর্যন্ত শত শত ভক্তের পদযাত্রা ও পূজার্চনা।
ঊনকোটি, ২৮ জুলাই: সোমবার সকালে এক ভক্তিপূর্ণ ও ধর্মীয় পরিবেশে ঊনকোটি জেলার কৈলাসহর থেকে শুরু হয় শ্রাবণ মাস উপলক্ষে ঐতিহ্যবাহী ‘শ্রাবণ যাত্রা’। এই যাত্রার আয়োজন করে রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের ঊনকোটি জেলা কমিটি। প্রথমবারের মতো সংগঠনটি এই ধরনের কর্মসূচি গ্রহণ করে, যা স্থানীয় ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

সোমবার ভোরবেলা কৈলাসহর টাউন কালীবাড়ি প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে। বিভিন্ন অঞ্চল থেকে শত শত ভক্ত এসে এখানে সমবেত হন। কেউ পায়ে হেঁটে, কেউবা যানবাহনে করে যাত্রা শুরু করেন সৈবতীর্থ ঊনকোটির উদ্দেশ্যে। সেখানে পৌঁছে ভক্তরা শিব মূর্তির মস্তকে পবিত্র জল ঢেলে পূজার্চনা করেন। এই জল সংগ্রহ করা হয় কৈলাসহরের দশমী ঘাট থেকে।

ভক্তরা বিশ্বাস করেন, শ্রাবণ মাসে ভগবান শিবের মাথায় পবিত্র জল ঢেলে অভিষেক করলে সকল পাপ মোচন হয় এবং পারিবারিক, মানসিক ও আত্মিক শান্তি লাভ হয়। এদিন এমনই ভাবগম্ভীর পরিবেশে বিভিন্ন এলাকার শিব ভক্তরা অংশগ্রহণ করেন। রাঙ্গাউটি, শ্রীনাথপুর, যুবরাজনগর, পাখিরবাদা, পূর্ব দুর্গাপুর, বিদ্যানগর, দুর্গাপুর, কালিপুর ও চিড়াকুটি এলাকার চা বাগান থেকে বিপুল সংখ্যক ভক্তেরা উপস্থিত ছিলেন।

এই মহতী কর্মসূচিতে নেতৃত্ব দেন রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের রাজ্য কমিটির সহ-সভাপতি দীপঙ্কর সিনহা। তার সঙ্গে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা কমিটির সভাপতি হেমেন্দ্রকুমার দে, কৈলাসহর মন্ডলের সভাপতি প্রতাপ চন্দ্র দাস এবং বিস্তার মন্ত্রী রূপক দাস। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য কার্যকর্তারা, যারা গোটা যাত্রা ও পূজার্চনা পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এদিন সংগঠনের পক্ষ থেকে সৈবতীর্থ ঊনকোটিতে আগত ভক্তদের জন্য প্রসাদ বিতরণেরও আয়োজন করা হয়। এই আয়োজন শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং তা সামাজিক সংহতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।








