“মাফিয়াদের রান্নাঘরে রাজনীতি করেন রাজীব ভট্টাচার্য: ‘জনতার মন কি বাত’ প্রচারে গিয়ে বিস্ফোরক বিধায়ক গোপালচন্দ্র রায়”
আগারতলা, ত্রিপুরা। ১২ জুলাই ২০২৫ঃ ‘জনতার মন কি বাত’ প্রচারপত্র হাতে নিয়ে পশ্চিম ত্রিপুরার লাল বাহাদুর এলাকায় জনসংযোগে নামলেন পশ্চিম আগরতলার বিধায়ক গোপালচন্দ্র রায়। সাধারণ মানুষের কাছে পৌঁছে কেন্দ্রীয় সরকারের বাস্তবতাবর্জিত প্রচারের পাল্টা বার্তা পৌঁছে দিতেই এই কর্মসূচি। তবে এই কর্মসূচির মধ্যেই রাজ্যের শাসকদলের সাংসদ রাজীব ভট্টাচার্যকে তীব্র আক্রমণ করলেন গোপালচন্দ্রবাবু। নাম না করেই সাংসদের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।
সম্প্রতি গোপালচন্দ্র রায়ের ওপর হামলার ঘটনার প্রেক্ষিতে রাজীব ভট্টাচার্য বলেছিলেন, “মাফিয়াদের নিয়ে প্রচারে গিয়েছিলেন বিধায়ক”। এই মন্তব্যেরই জবাবে বিধায়ক বলেন, “মাফিয়াদের সাথে কে থাকেন, তা গোটা ত্রিপুরা জানে। রাজীব বাবু নিজেই মাফিয়াদের বেষ্টিত হয়ে থাকেন। ওনার রান্নাঘরেও মাফিয়ারা রাজত্ব করে। মুখে শুদ্ধতা আর বাস্তবে দুর্নীতির মিশেল— এটাই আজকের রাজনীতি।”
এখানেই থেমে থাকেননি বিধায়ক। আইন-শৃঙ্খলা নিয়ে তীব্র কটাক্ষ করেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। বলেন, “ত্রিপুরায় আইন-শৃঙ্খলা বলে কিছু নেই। গণতন্ত্র আজ খুন হয়ে যাচ্ছে চোখের সামনে। মুখ্যমন্ত্রীর অধীনে প্রশাসন সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট হয়ে পড়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, “প্রচারে যাওয়ার আগে আমি প্রশাসনকে চিঠি দিয়ে জানাই, নিরাপত্তার ব্যবস্থা করা হোক। অথচ যথাযথ পুলিশ বা নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়নি। এর অর্থ একটাই— বিরোধীদের কণ্ঠ রোধ করাই আজকের সরকারের লক্ষ্য।”
প্রচারে এসে তিনি সাধারণ মানুষের সাড়া পাওয়ার দাবি করেন। বলেন, “জনগণ এখন বিভ্রান্ত নয়, তারা জানে কে তাদের পাশে আছে। মিথ্যা প্রচারের বিপরীতে আমরা সত্যটা তুলে ধরছি। মানুষ আমাদের বিশ্বাস করছে।”
এই ঘটনাকে ঘিরে লাল বাহাদুর এলাকায় তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। রাজ্য রাজনীতিতে ফের একবার মুখোমুখি শাসক-বিরোধী। গোপালচন্দ্র রায়ের বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা— রাজীব ভট্টাচার্যের কী জবাব হবে এই পাল্টা আক্রমণের?








