নিজস্ব প্রতিনিধি, ১৭ আগস্ট, ২০২৪ঃ রাজ্যের আন্দোলন এখন সারা দেশে । দেশের সকল ডাক্তারদের সংগঠন কর্মবিরতির ডাক দিয়েছেন। আর জি কর কাণ্ডের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে আজ শনিবার সারা দেশে কর্মবিরতি পালন করবে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। ফলে আজ দেশের মোট ৫৬ হাজার হাসপাতালে চিকিৎসা পরিষেবা বন্ধ থাকতে পারে । আইএমএ-র তরফে দাবি করা হয়েছে, সংগঠনের যেসব সদস্য বেসরকারি হাসপাতালে কর্মরত তাঁরা আউটডোরে বসবেন না। চেম্বারও বন্ধ রাখবেন।

সংগঠনের জাতীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক এক বিবৃতিতে জানিয়েছেন, দেশের সব রাজ্যেই চিকিৎসকরা ‘সফট টার্গেট’। রোগীর মৃত্যু হলে অথবা চিকিৎসারত অবস্থায় অবস্থা সংকটজনক হলে প্রথম আঘাত এসে পড়ে চিকিৎসকদের উপর। প্রায় এমন ঘটেছে আর জি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসককে নৃশংস খুন-ধর্ষণের ঘটনায়। বিবৃতিতে আরও বলা হয়েছে, বুধবার রাতে নিরস্ত্র চিকিৎসকদের উপর হামলার ঘটনা ঘটেছে। হাই কোর্ট চিকিৎসক খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। সহর্মমিতা দেখাতেই কর্মবিরতেতে অংশ নেবেন সদস্যভুক্ত দেশের প্রায় সাড়ে চার লক্ষ চিকিৎসক। আইএমএ-র দাবিকে নৈতিক সমর্থন জানিয়েছে বিভিন্ন চিকিৎসকদের সংগঠন । তবে কর্মবিরতিতে অংশ নিচ্ছে না অনেক চিকিৎসকদের সংগঠন । দিল্লির অল ইন্ডিয়া মেডিক্যাল সায়েন্সেস, পিজিআই চণ্ডীগড়, ওড়িশা এইমস, পশ্চিমবঙ্গের কল্যাণী এইমস বা ইএসআই জোকা’র মতো কেন্দ্রীয় হাসপাতালগুলি কর্মবিরতির বিরোধিতা করেছেন । রাজ্যের সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে কর্মরত প্রায় ৫৬ হাজার চিকিৎসকের মধ্যে আজ যাঁদের ডিউটি রয়েছে তাঁদের নির্দিষ্ট সময়ে কর্মস্থলে হাজির থাকতে সংশ্লিষ্ট উপাধ্যক্ষ নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্যভবনের এক কর্তার কথায়, সরকার উপযুক্ত ব্যবস্থা নিয়েছে। সব হাসপাতালে পুলিশি নিরাপত্তা । মেডিক্যাল কলেজের যেসব অংশ সন্দেহজনক, সেখানে হ্যালোজেন ও সিসিটিভি বসানো হয়েছে। এর পরেও কর্মবিরতিতে অংশ নিলে তা রোগীস্বার্থের বিরোধী। রাজ্যের ৬টি ডেন্টাল কলেজ খোলা থাকবে। খোলা থাকবে হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতালও। চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের প্রাক্তনী সংগঠনের ব্রিটিশ শাখা। তারা জানান আর জি কর কাণ্ডে দোষীদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়।








