ওসি জয়ন্ত দাসের তৎপরতায় রাতভর অভিযানে সাফল্য, আটক এক যুবক।
শান্তির বাজার, নিজস্ব সংবাদদাতা: বীরচন্দ্র মনু কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে শনিবার রাতে চুরি হওয়া বোলেরো গাড়িটি পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয়েছে। মনপাথর থানার ওসি জয়ন্ত দাসের দ্রুত পদক্ষেপে রবিবার রাতে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, চুরির খবর পাওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই সক্রিয় হয়ে ওঠে মনপাথর থানার পুলিশ। ওসি জয়ন্ত দাস রাতেই রাজ্যের বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠিয়ে সতর্ক করেন। চুরি যাওয়া গাড়ির নম্বর TR 08-0921 এবং গাড়ির বিস্তারিত তথ্য রাজ্যের বিভিন্ন থানায় পৌঁছে দেওয়া হয়।
এরপরই রাজ্যজুড়ে শুরু হয় তল্লাশি অভিযান। রাতভর অভিযানের পর সালেমা থানার পুলিশ মেহেন্দি এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া বোলেরো গাড়িসহ এক যুবককে আটক করতে সক্ষম হয়।
গাড়ি উদ্ধারের খবর পেয়ে রবিবার সকালে সালেমার উদ্দেশে রওনা দেন শান্তির বাজার মহকুমা পুলিশ আধিকারিক বাপ্পী দেববর্মা এবং মনপাথর থানার ওসি জয়ন্ত দাস। পরে তাঁরা উদ্ধার হওয়া গাড়িটি মনপাথর থানায় নিয়ে আসেন।
আটক যুবকের নাম মহরম আলী। তাঁর বাড়ি উদয়পুরের কাকরাবন থানার অন্তর্গত জামজুরি এলাকায়। পুলিশ জানিয়েছে, আটক হওয়ার পর যুবক অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে তার চিকিৎসা চলছে।
এই প্রসঙ্গে ওসি জয়ন্ত দাস বলেন,
“চুরির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই গোটা রাজ্যে অ্যালার্ট জারি করা হয়। সালেমা থানার সহযোগিতায় গাড়ি এবং অভিযুক্তকে আটক করা সম্ভব হয়েছে। অভিযুক্ত সুস্থ হয়ে উঠলে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চুরি কাণ্ডের মূল রহস্য উদঘাটন এবং বাকি চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা করা হবে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।”







