পেট্রোল-ডিজেল ১৫ দিনের জন্য সংরক্ষিত, খাদ্যপণ্যের পর্যাপ্ত মজুতের আশ্বাস; কালোবাজারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
ত্রিপুরা, ১৫ মে ২০২৫। নিউজ ডেস্কঃ রাজ্যে কোনও ধরনের জ্বালানি কিংবা খাদ্য সংকট নেই বলে আশ্বস্ত করলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৃহস্পতিবার মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, রাজ্যে পেট্রোল ও ডিজেল আগামী ১৫ দিনের জন্য পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে।
মন্ত্রী জানান, রেশনিং ব্যবস্থার অধীনে বর্তমানে চাল ৮৪ দিনের, গম ৫৭ দিনের, লবণ ৭ দিনের, চিনি ২৪ দিনের এবং ডাল ৩৪ দিনের মজুত রয়েছে।
এছাড়াও খোলা বাজার বা ওপেন মার্কেটেও পর্যাপ্ত খাদ্যসামগ্রী সংরক্ষিত রয়েছে বলে জানান তিনি। সেখানে চাল ৮৪ দিনের, ডাল ৩৮ দিনের, ভোজ্য তেল ৮৭ দিনের, পিঁয়াজ ৩২ দিনের, আলু ১৮ দিনের, আটা ৩৭ দিনের, চিনি ৩১ দিনের এবং লবণ ১২২ দিনের মজুত রয়েছে।
মন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে যদি কোনও ধরনের সংকটের আশঙ্কা দেখা দেয়, তাহলে সরকার অন্তত ১০ দিন আগেই সাধারণ মানুষকে জানিয়ে দেবে।
পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, কোথাও যদি কালোবাজারির অভিযোগ পাওয়া যায়, তাহলে সঙ্গে সঙ্গে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।







