তেলিয়ামুড়ায় কবি সুকান্ত ভট্টাচার্যের মর্মর মূর্তির শুভ উদঘাটন।
তেলিয়ামুড়া, ১১ জুলাই ২০২৫ঃ ত্রিপুরার তেলিয়ামুড়ায় শুক্রবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো জোহর কলোনি। জহরলাল নেহেরু বিদ্যাপীঠ সিনিয়র বেসিক স্কুল প্রাঙ্গনে তেলিয়ামুড়া পুর পরিষদের উদ্যোগে উদঘাটন করা হলো বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি সুকান্ত ভট্টাচার্যের মর্মর মূর্তি।
এই শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক ও তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা শ্রীমতী কল্যাণী সাহা রায়। তাঁর হাত ধরেই সম্পন্ন হয় এই মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার সহ বহু বিশিষ্ট ব্যক্তি। পুরো অনুষ্ঠানে ছিল এক সাংস্কৃতিক আবহ। বিশেষভাবে উল্লেখযোগ্য, জহরলাল নেহেরু বিদ্যাপীঠ সিনিয়র বেসিক স্কুল কর্তৃপক্ষের ব্যবস্থাপনা, যা উপস্থিত সকলের নজর কেড়েছে।
এই মূর্তি উদ্বোধনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মধ্যে সুকান্ত ভট্টাচার্যের চিন্তা-চেতনা এবং সংগ্রামী মনোভাব ছড়িয়ে দেওয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হলো বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।








