ত্রিপুরা, ২৯ আগস্ট ২০২৪ঃ বৃহস্পতিবার দুপুর বেলা কৈলাশহর গৌরনগর ব্লকের অধীনে ইরানি গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে ইরানি গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উল্লেখযোগ্যভাবে শাসক ও বিরোধী দলের সকল নির্বাচিত পঞ্চায়েত সদস্য ও সদস্যরা উপস্থিত ছিলেন।
গৌরনগর ব্লকের অধীনে ইরানি গ্রাম পঞ্চায়েতের মোট ওয়ার্ড সংখ্যা ৬টি, যার মধ্যে রয়েছে ১১টি আসন। সদ্য সমাপ্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ১১টি আসনের মধ্যে ৯টি কংগ্রেস দখল করে এবং ২টি আসন বিজেপি দখল করে।
এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান হিসেবে নির্বাচিত হন দিলারা বেগম এবং উপ-প্রধান হিসেবে নির্বাচিত হন তালেব আলী। নির্বাচিত পঞ্চায়েত সদস্য ও সদস্যা সহ প্রধান ও উপপ্রধানকে শপথ বাক্য পাঠ করান এসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার সঞ্জয় দে।
এসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার সঞ্জয় দে সংবাদ মাধ্যমকে জানান, শান্তিপূর্ণভাবে ইরানি গ্রাম পঞ্চায়েতে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।








