পূর্ব মহিলা থানায় অভিযোগ করেও ফল মেলেনি, স্ত্রীর সন্ধানে জনসাধারণের সাহায্য চাইলেন স্বামী।
২১ মার্চ, চন্দ্রপুর, আগরতলা । নিউজ ডেস্কঃ ত্রিপুরার চন্দ্রপুর এলাকা থেকে প্রায় তিন মাস আগে নিখোঁজ হয়ে যান এক গৃহবধূ। ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে পূর্ব মহিলা থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হলেও এখনও পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি বলে অভিযোগ।
নিখোঁজ মহিলার স্বামী জানান, থানায় অভিযোগ জানানোর পরও তিনি তেমন কোনো সহযোগিতা পাননি। দীর্ঘদিন কেটে গেলেও স্ত্রীর খোঁজ না মেলায় তিনি চরম অসহায় অবস্থায় পড়েছেন। বাধ্য হয়ে তিনি এবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য আবেদন জানিয়েছেন।
তিনি আরও জানান, তার স্ত্রীকে খুঁজে পেতে প্রশাসনের সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি। একই সঙ্গে সাধারণ মানুষের কাছেও তিনি সাহায্যের আবেদন জানিয়েছেন।
যদি কোনো সহৃদয় ব্যক্তি নিখোঁজ মহিলাকে কোথাও দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে 7630807901 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন ওই অসহায় স্বামী।







