খোয়াই, ১৫ই আগস্ট, ২০২৫: প্রতিবারের মতো এবারও সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করল লায়ন্স ক্লাব অফ খোয়াই এবং লিও ক্লাব অফ খোয়াই। দেশের ৭৯তম স্বাধীনতা দিবসের এই শুভক্ষণে খোয়াই পুরাতন টাউন হলে এক মহৎ রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।
এদিন এই সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থেকে দাতাদের উৎসাহিত করেন খোয়াই পৌর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্মা এবং ভাইস চেয়ারপার্সন নিবাস সাহা। এছাড়াও লায়ন্স ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মানিক দেবনাথ, বিশিষ্ট চিকিৎসক রানা বর্মন সহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
সকাল থেকেই রক্তদান শিবিরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। শিবিরে প্রায় ৪০ জনেরও বেশি স্বেচ্ছায় রক্তদান করে মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচানোর এই উদ্যোগে সামিল হন। রক্তদাতাদের এই স্বতঃস্ফূর্ত সাড়ায় আপ্লুত আয়োজকরা।
পাশাপাশি, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বহু মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করান। চক্ষু পরীক্ষা শিবিরেও অনেকে তাদের চোখ পরীক্ষা করানোর সুযোগ পান। এই মহতী উদ্যোগের জন্য স্থানীয় মানুষজন লায়ন্স ক্লাব এবং লিও ক্লাব অফ খোয়াইকে ধন্যবাদ জানিয়েছেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খোয়াই পৌর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্মা বলেন, “স্বাধীনতা দিবসে এমন একটি সামাজিক উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য। লায়ন্স ও লিও ক্লাব সব সময়ই মানুষের পাশে থাকে, আজকের এই অনুষ্ঠান তার আরও একটি উদাহরণ।”
লায়ন্স ক্লাবের পক্ষে মানিক দেবনাথ জানান, “সাধারণ মানুষের সেবায় কাজ করাই আমাদের মূল লক্ষ্য। স্বাধীনতা দিবসের থেকে ভালো দিন আর কী হতে পারে মানুষের জন্য কিছু করার। সকলের সহযোগিতায় আজকের এই শিবির সফল হয়েছে।








