রেলস্টেশনের পথে গাঁজা পাচার! তেলিয়ামুড়ায় পুলিশের অভিযানে ৫ পাচারকারী গ্রেফতার, উদ্ধার ৩২ কেজি গাঁজা।
তেলিয়ামুড়া,ত্রিপুরা। ১৩ জুলাই ২০২৫ঃ রবিবার বিকেলে তেলিয়ামুড়া থানার পুলিশের তৎপরতায় বড়সড় মাদক পাচারচক্রের জাল ভেঙে দেয়া সম্ভব হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ বেইকেল চেকিংয়ের সময় ত্রিশা বাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩২ কেজি গাঁজা সহ চারজন মহিলা ও একজন পুরুষকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা এই বিপুল পরিমাণ গাঁজা বহিঃ রাজ্যে পাচারের উদ্দেশ্যে তিশা বাড়ি রেলস্টেশনের দিকে যাচ্ছিল। পুলিশের চোখে তাদের কথাবার্তা ও গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালানো হয়। অভিযানে তাদের ব্যাগ থেকে উদ্ধার হয় গাঁজার প্যাকেট, যার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা।
এ প্রসঙ্গে তেলিয়ামুড়া থানার এক পুলিশ অফিসার জানান, ‘‘আমরা আগে থেকেই নজর রাখছিলাম। রেলস্টেশন কেন্দ্র করে গাঁজা পাচারের একটি সক্রিয় চক্র কাজ করছে বলে আমাদের কাছে খবর ছিল। আজকের অভিযানে পাঁচজনকে হাতেনাতে ধরা সম্ভব হয়েছে।’’
পুলিশ জানিয়েছে, ধৃত পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে NDPS (Narcotic Drugs and Psychotropic Substances) Act অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে এবং পাচার চক্রের পেছনের মূল কারবারিদের খোঁজে তদন্ত শুরু হয়েছে।
এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মাদক পাচার রোধে পুলিশের এই তৎপরতা সাধারণ মানুষের মধ্যে স্বস্তির বাতাবরণ তৈরি করেছে








