গোপন তথ্যের ভিত্তিতে অভিযান, ১৯ বস্তা কাপড় বাজেয়াপ্ত; বাজারমূল্য কয়েক লক্ষ টাকা, তদন্ত শুরু
খোয়াই, ত্রিপুরা । ০৮ সেপ্টেম্বর ২০২৫ । কালীদাস ভৌমিকঃ ত্রিপুরার খোয়াই জেলায় আবারও পুলিশের বড় সাফল্য। গতকাল রবিবার গভীর রাতে খোয়াই নদীর দশমী ঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুতকৃত কাপড় উদ্ধার করেছে খোয়াই থানার পুলিশ। এই অভিযানের নেতৃত্বে ছিলেন এসডিপিও খোয়াই থানার অফিসার ইন চার্জ, যাঁর তত্ত্বাবধানে পুলিশ প্রায় ১৯ বস্তা কাপড় বাজেয়াপ্ত করে।
সূত্রে জানা যায়, বিএসএফ ১০৪ ব্যাটালিয়ন থেকে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে খোয়াই থানার পুলিশ এই বিশেষ অভিযান চালায়। রাতের অন্ধকারে নদী সংলগ্ন ঘাট এলাকায় সন্দেহজনকভাবে মজুত রাখা কাপড় উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, এই বিপুল পরিমাণ কাপড় চোরাচালানের উদ্দেশ্যেই মজুত রাখা হয়েছিল।
অভিযানে উদ্ধার হওয়া কাপড়গুলোর বাজারমূল্য আনুমানিক ২.৫ থেকে ৩ লক্ষ টাকার কাছাকাছি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত, কীভাবে এত বড় পরিমাণ কাপড় এখানে পৌঁছাল, সে বিষয়ে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
এদিকে, খোয়াই নদীঘাট থেকে অবৈধ কাপড় উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই এই এলাকাকে চোরাচালানকারীরা ব্যবহার করে আসছে, তবে পুলিশের এই পদক্ষেপের ফলে ভবিষ্যতে অবৈধ কার্যকলাপ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
খোয়াই থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের চোরাচালান ও অবৈধ ব্যবসা রুখতে ভবিষ্যতেও ধারাবাহিক অভিযান চালানো হবে। পুলিশের তৎপরতায় এলাকায় স্বস্তি ফিরলেও, ঘটনার নেপথ্যে থাকা মূল চক্রকে ধরতে পারলেই প্রকৃত সত্য সামনে আসবে বলে মত বিশেষজ্ঞদের।







