শিক্ষক বদলির প্রতিবাদে উত্তাল বাইজালবাড়ি, জাতীয় সড়কে পথ অবরোধে অচল যান চলাচল।
খোয়াই, ত্রিপুরা । ২৬ জুলাই ২০২৫ঃ ত্রিপুরার বাইজালবাড়িতে শিক্ষক বদলির প্রতিবাদে হঠাৎই উত্তেজনার সৃষ্টি হয়েছে। শিক্ষককে অন্যত্র বদলি করায় ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা আজ সকাল থেকে বাইজালবাড়ি এলাকায় ৮ নম্বর জাতীয় সড়কে পথ অবরোধ শুরু করে। দীর্ঘ এক ঘণ্টা কেটে গেলেও এখনো অবরোধ অব্যাহত রয়েছে, যার ফলে সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়েছে উভয়দিকের যান চলাচল।

পথ অবরোধে সামিল হয়েছে এলাকার বহু সংখ্যক ছাত্রছাত্রী। তাদের দাবি, সম্প্রতি যিনি বদলি হয়েছেন, তিনি ছিলেন একজন দক্ষ ও দায়িত্ববান শিক্ষক। তাঁর হঠাৎ বদলি ছাত্রছাত্রীদের শিক্ষাজীবনে প্রভাব ফেলবে বলে তারা আশঙ্কা করছে। সেই কারণেই তারা রাস্তায় নেমে সরব প্রতিবাদে অংশগ্রহণ করেছে।
অবরোধের কারণে সকাল থেকেই জাতীয় সড়কে আটকে পড়েছে বহু বাস, ট্রাক ও ছোট গাড়ি। যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। বিশেষ করে অফিসগামী মানুষ, রোগী ও মহিলা যাত্রীদের দুর্ভোগ চোখে পড়ার মতো। যানজট ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে আশেপাশের এলাকাতেও।
অবরোধের খবর পেয়ে বাইজালবাড়ি থানার ওসি যুগল ত্রিপুরা ঘটনাস্থলে পৌঁছান এবং ছাত্রছাত্রীদের বোঝানোর চেষ্টা করেন। তবে তাঁর সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ছাত্রছাত্রীরা জানিয়ে দিয়েছে—তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বে না।
পরিস্থিতির গুরুত্ব বুঝে জেলা শিক্ষা আধিকারিক ঘটনাস্থলে পৌঁছেছেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছেন। তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করার চেষ্টা করছেন যে, তাদের বক্তব্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
খবর লেখা পর্যন্ত অবরোধ এখনো চলছে, এবং প্রশাসন ও শিক্ষামহল এই সংকটের দ্রুত সমাধানে কাজ করছে। তবে এলাকায় এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে, এবং পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তা সময়ই বলবে।








